গ্রন্থালোচনা : হাজারীবাগের কবিতাগুচ্ছ
'দক্ষিণের বারান্দা' প্রকাশিত ফর্মা- সিরিজের কবিতা -বইয়ের সম্ভারে এক ধ্রুপদী মানের বই - 'হাজারীবাগের কবিতাগুচ্ছ'। কবি সুপ্রিয় দেওঘরিয়া। প্রচ্ছদ- দিনকর কৌশিক। মুদ্রণ বিন্যাস সম্পাদনা গর্ব করার মতো। ১৬টি নিটোল কবিতা মলাটবদ্ধ । নিঃসন্দেহে কবিতা-প্রিয় পাঠকের অবশ্য সংগ্রহযোগ্য। নজরকাড়া সবুজের গতিময় প্রচ্ছদ-জড়ানো ' হাজারীবাগের কবিতাগুচ্ছ ' কাব্যগ্রন্থটি। আমার কাছে এটি কবি বন্ধুর নিজ হাতে তুলে দেওয়া এক সানন্দ প্রীতিউপহার। গদ্যের আঙ্গিনায় সাবলীল পদচারণার মধ্য দিয়েই কবিতার অনন্য বিচ্ছুরণ তুলে আনার সফল ও সার্থক প্রয়াস কবি সুপ্রিয় দেওঘরিয়ার এই কবিতা-বই। আটপৌরে গদ্যে কথা বলতে বলতেই কবি পাঠক শ্রোতাকে এক লহমায় নিয়ে যান কবিতার দিব্যভুবনে। নানা দিক দিয়েই এই কবিতাগুলি যে সুপ্রিয় দেওঘরিয়ার ,কবি হিসাবে পরিণত মনস্কতার চিহ্নবহ তা বলার অপেক্ষা রাখে না। এযাবৎ তিনি যেসব কবিতা লিখে এসেছেন ,নিরীক্ষামূলক গুটিকয়েক বাদ দিলে, কবিতায় মেধাবী-স্বাক্ষর ও রসোজ্জ্বলতা দেখে বহু কবিতাপ্রেমী ও গুণীজনেরা মুগ্ধ। এখানেও তার ব্যতিক্রম নেই, সৃজন-দক্ষতা স্বতোপ্রকাশমান। এই কব...