গ্রামীণ যাত্রাশিল্প _সংকট ও সংশয়ের দোলাচল
গ্ৰামীণ যাত্রাশিল্প__সঙ্কট ও সংশয়ের দোলাচল সুমন বন্দ্যোপাধ্যায় 'তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায় '_মেহের আলীর এই সংলাপে গ্রাম-গ্রামান্তরে রঙ্গমঞ্চ আজ আর সেভাবে আলোড়িত হয়ে ওঠে না। 'অচল পয়সা'র চাঁদু মাস্টারের প্রতিবাদ সেভাবে আর ভাষা খুঁজে পায় না।প্রচারের আড়ালে-আবডালে ভিখারী ঈশ্বর হাহাকার করে কেঁদে উঠলেও,সে কান্না হাইটেক শ্রোতাদের কানে ধ্বনিত হয় না। একে একে নিভে যাচ্ছে স্পটলাইট। থেমে যাচ্ছে আবহসংগীত। অন্ধকার মঞ্চের এক কোণে দাঁড়িয়ে একা একা রং তুলছে চরিত্র। এক গভীর সংকট ও সংশয়ের দোলাচলে আজ গ্রামীন যাত্রা শিল্প। গ্রামীণ শব্দটা অর্থের সংকোচন ঘটালেও ইচ্ছা করেই ব্যবহার করা হয়েছে। আসলে আলোচনার পরিপ্রেক্ষিত হল অ্যামেচার বা শখের থিয়েটার। পরিসরের অভাবে শুধুমাত্র গ্রামীণ যাত্রার কথাই যদি উঠে আসে ক্ষতি কী? এমনিতেও প্রচলিত অর্থে গ্রামের সাথে কোথাও যেন যাত্রা শব্দটা জড়িয়ে আছে। পালা গান, রামায়ণ পাঠ, কথকতা, কবিগান _সবই যেন ধীরে ধীরে অবলুপ্তির দিকে পা বাড়াচ্ছে। কেন এই সংকট? কেনই বা এত দোলাচল? উত্তর খুঁজতে যাওয়াটা হয়তো বা বাতুলতা। সময়ের দু...