মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা
মুজিবর আনসারীর এক গুচ্ছ কবিতা ---------------------------------------------------------------------------- ১. রাজা --------- অদ্ভুত আলোর সংসার একটা দেখেছি দেখেছি নিমতলে মাথায় ফেট্টিবাঁধা যুবকের কাম দৈনতাকে ঘর থেকে ফুঁ দিয়ে উড়িয়ে দেওয়ার হিম্মত ছিল তার ৷ দেখেছি, দৈবরথ উড়িয়ে নিয়ে যাচ্ছে তার স্বপ্নগুলো কোনও এক অলৌকিক আদি শহরের দিকে, প্রাচীন রাজবাড়ির দিকে মায়াতীর্থে এসে সবাই যখন থেমে যায় সবাই যখন দণ্ডবত হয় সে তখনও স্থির অবিচল দাঁড়িয়ে থাকে যতক্ষণ না রাজাধিরাজ বের হন, অভিবাদন জানান তাকে ২. ধারা -------- মূর্তি মানেই তো মুখোশ ৷ একটা অবয়বহীন সারাৎসার চেয়েছ তুমি ৷ নিষ্কলঙ্ক উদ্ধার চেয়েছ জীবনের ৷ মাঠে বীজবপনের কাহিনী গোপন থাকে না বেশি দিন ৷ কেবল কথাটুকুই লুকিয়ে রাখতে পারো কথার আড়ালে ৷ লুকিয়ে রাখতে পারো তোমার পানশালার জীবনকাহিনী আর হা-অন্ন ছেলেমেয়েদের দিকে তাকিয়ে যখন হাত তোল আকাশে, কিছুই গোপন থাকেনা তখন ৷ কান্নায় ভেঙে পড়ে আকাশ ৷ বৃষ্টিতে প্রাণ পায় পৃথিবী, তোমার চাষজমি ৩. খুনি ------- তোকে তো চেনে না ওই সহজ পাখিটি চেনে নাকি ? জানে তুই খুনি ? রোজ এসে বসে তোর ঘরের দাওয়ায় এক মুঠো দানা দিস, আর...