চতুর্থ বর্ষ ।। দশম ওয়েব সংস্করণ ।। ১০ ভাদ্র ১৪৩০ ।। ২৮ আগষ্ট ২০২৩
বিতর্ক থাকবেই। আমাদের ভারতবর্ষে যেখানে এখনও সমস্ত মানুষের কর্মসংস্থান নেই। অন্নসংস্থান নেই। সেখানে চন্দ্রাভিযান মিশন নিয়ে বিতর্ক থাকবেই। কিন্তু সেই বিতর্কের মাঝেও বিজ্ঞান গবেষণায় এগিয়ে যেতে হবে আমাদের। তবেই ভারতবর্ষের পক্ষে জগৎ সভায় আবার শ্রেষ্ঠ আসন নেওয়া সম্ভব। আমাদের চন্দ্র মিশনের যা খরচ তার থেকে বেশি খরচ করে একটা বলিউড মুভি তৈরি করা হয়। সেই মুভি আবার কয়েক সপ্তাহের মধ্যে টাকাও কামিয়ে নেয় চারগুণ। সেক্ষেত্রে কী মনে হয়, সেই মুভির লাভের অঙ্কটা কেবল আর কেবল বড়লোকেদের টেঁক থেকেই আসে? অথবা গরীব লোকেরা সেই মুভি দেখেই না? যে সকল মানুষেরা সামান্য একটা আড্ডাতে বা নিজেদের ঠেকে এক বসাতে গরীব পরিবারের একমাসের সংসার খরচের সমতুল্য টাকা লালজল-পানে ফুরিয়ে দেয়, তাদের আবার চন্দ্র মিশনের বিরোধীতা মানায়? তাও আবার দেশে এখনও গরীব মানুষের অভাব নেই, না খেতে পাওয়া মানুষের অভাব নেই, এমন অছিলায়? আমাদের দেশের চন্দ্রাভিযান করতে যেখানে ৬৫০ কোটি টাকা খরচ হয় সেখানে একজন চোরই তো ৯০০ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে যায়। তাই, এই গরীব দেশে একদিকে যেমন গরীব মানুষের অভাব...