অন্তরালের শিল্প ও শিল্পীমহল
অন্তরালের শিল্প ও শিল্পীমহল কল্পোত্তম পুরুলিয়ার তথা পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী সংস্কৃতির ধারাকে বিশ্ব সংস্কৃতির অঙ্গনে তুলে নিয়ে আসার মূল যে নৃত্যকলা ছৌ-নাচ, সেই ছৌ-নৃত্যের আড়ালে আরও এক শিল্প এবং শিল্পীমহল অবস্থান করে আসছেন সমান্তরালভাবে । ছৌ-শিল্পের জন্মলগ্ন থেকে আমরা ছৌ-নৃত্যের ছন্দময় জাদুস্পর্শে মোহিত হলেও তার আড়ালে থাকা শিল্প এবং শিল্পীদের কথা, তাদের জীবনের হাসি-কান্না, দুঃখ-যন্ত্রণার ধারাবাহিকতাকে উপলব্ধি করার মতো উদারতা অর্জন করতে পারিনি। এক কথায় আমাদের মনের মধ্যে যতখানি জায়গা পাওয়ার কথা ছিল তাঁদের ঠিক ততখানি জায়গা আমরা কখনই তাঁদেরকে দিতে পারিনি। যার ফলে তাঁদের সেই হাসি-কান্না, দুঃখ-যন্ত্রণা চিরকালীন হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের সঙ্গে তালে তাল মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারও এঁদের বিষয়ে উদাসীন থেকেছে শুরু থেকেই। যার ফলে এঁদের শিল্পকে শিল্পের মর্যাদা দেওয়া হয়নি এবং এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদেরও শিল্পীর মর্যাদা দেয়নি তারা। যে শিল্পের কথা এখানে বলতে চাইছি, তা হলো ছৌ-নাচের মুখোশ নির্মাণ শিল্প। এবং যে শিল্পীমহলের কথা তুলে ধরার চেষ্টা করছি তা হলো ছৌ-নাচের মুখোশ...