“জীবন কথার নদী"; নদী ও নারীর এক নিবিড় আখ্যান।
“জীবন কথার নদী"; নদী ও নারীর এক নিবিড় আখ্যান। মধুপর্ণা “জীবন কথার নদী” তে ত্রিকূট পাহাড়ের ঢালে জাত ময়ূরাক্ষ্মী নদী এবং সেই পাহাড় ঘেরা উপত্যকায় ছোট গ্রাম পুনাসির মেয়ে বিজলির জীবনের প্রবাহ থেকে যে কথকথার জন্ম হয়েছে তার উপজীব্য বার্তা হল পিতৃততান্ত্রিক ব্যবস্থা প্রকৃতি ও নারী উভয়ের নিপীড়ন ও শোষণের উৎস। অধ্যাপক মলয় মুখোপাধ্যায়ের এই উপন্যাস প্রকাশিত হয়েছিল ২০১৬ সালে, অক্টোবার মাসে। সোপান পাবলিকেশন থেকে। উপন্যাসটি তিনি উৎসর্গ করেছেন পোটামোলজিস্ট সুতপা মুখোপাধ্যায়কে। বইটির প্রস্তাবনা লিখেছেন পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের গবেষণা ও উন্নয়ন বিভাগের সভাপতি কল্যাণ রুদ্র। প্রচ্ছদ করেছেন দেবাশীষ সাহা। এবছর প্রকৃতিকেন্দ্রিক নারীবাদ নিয়ে যখন অল্প বিস্তর চর্চা করছি, তখন আশ্চর্যভাবেই মলয়দার বাগানে ফেব্রুয়ারীর এক চড়ুইভাতির দুপুরে বইটির সঙ্গে পরিচয় ঘটে। প্রকৃতিকেন্দ্রিক নারীবাদ বিষয়ে পূর্বে পড়া বেশ কয়েকটি প্রবন্ধ নতুন করে আত্মস্থ হল, এই উপন্যাসটি পাঠের পর। উপন্যাসটির দুটি প্রবাহ সমান্তরালে শেষ অবধি গিয়ে মিলেছে পরস্পর। এক প্রবাহের কেন্দ্রীয় চরিত্র পুনাসি গ্রামের মেয়ে বি...